প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ মন্তব্য করেছেন, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পরেও জাতি এখনো বিজয় নিশ্চিত হয়েছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছে না। তিনি বলেন, পূর্বে যে উদ্বেগ কাজ করত, তা এখনো তেমনই রয়ে গেছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিউ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ফারুক ওয়াসিফ তাঁর বক্তব্যে পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, আমরা ধাওয়া খেতে খেতে পাল্টা একটা ধাওয়া দিয়েছি মাত্র। কিন্তু যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি, সেটি যে নিরাপদ, তা আমরা বলতে পারছি না। রাজনৈতিক, সামাজিক কিংবা গণমাধ্যম কোনো জায়গাতেই আমরা সেটা বলতে পারছি না।
তিনি আরও বলেন, একটা অভ্যুত্থানে ফ্যাসিবাদী ও খুনি শক্তিকে জীবনের বিনিময়ে প্রতিরোধ করার পর যে ধরনের সাংস্কৃতিক, সাংগঠনিক ও রাজনৈতিক প্রস্তুতি দরকার ছিল, আমাদের মধ্যে সেটি কিন্তু নাই।
পিআইবি মহাপরিচালক দেশের বর্তমান অগোছালো অবস্থার জন্য রাজনৈতিক নেতৃত্ব বিন্যাসের দ্বন্দ্বকে দায়ী করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে প্রতিরোধটা যারা করেছিল, তারা কিন্তু সমাজের ঐ অর্থে মূল নেতৃত্ব না। মূলকথা, অভ্যুত্থানের নেতৃত্ব দেশের রাজনৈতিক শক্তি বিন্যাসের প্রধান নেতৃত্ব না। এই দ্বন্দের কারণেই আজ নানা ধরনের অগোছালো অবস্থা।
অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিউ-এর নির্বাহী সম্পাদক কাজল কানন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাবি, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহম্মেদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, সহ আরও অনেকে। সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
মতামত