ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের অন্যতম নেতা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সী মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪৫) বছর। তিনি নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে তিনি নারায়ণগঞ্জ অঞ্চলে সুপরিচিত বউ-জামাই চানাচুর কোম্পানি-এর চেয়ারম্যান ছিলেন।
আলহাজ্ব আবুল কালাম মুন্সীর মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সন্ধ্যায় এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, তিনি ছিলেন দ্বীনের জন্য এক নিবেদিতপ্রাণ ও দানবীর ব্যক্তি। বহু কল্যাণমূলক কাজে তাঁর অবদান ছিল উল্লেখ করার মতো। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন গুণগ্রাহীকে হারাল।
তারা আরও বলেন, তিনি আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বিভিন্ন সাংগঠনিক কাজেও সহযোগিতা করেছেন। তাঁর অবদান ভোলার মতো নয়।
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাদেরকে ছবরে জামিল দান করুন।
তাঁর ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত