সারাদেশ

বন্দরে ককসিট কারখানায় ভয়াবহ আগুন

প্রিন্ট
বন্দরে ককসিট কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:০৪

নারায়ণগঞ্জের বন্দরে একটি ককসিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন্দর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তাদের নিরলস প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বিষয়টি নিশ্চিত করে জানান, এটি ককসিট তৈরির কারখানা ও এর গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, কারখানা ও গোডাউনের ভেতরে ককসিটসহ অন্যান্য দাহ্য পদার্থ থাকায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো যাবে।