জাতীয়

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রিন্ট
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৪১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান। সন্ধ্যা ৭ টার পরপরই তিনি হাসপাতালে পৌঁছান এবং অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। অন্যদিকে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্যের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম।

 বুধবার দুপুরের পর দলটি এভারকেয়ার হাসপাতালে এসে সরাসরি চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়। বিশেষজ্ঞ দলটির নেতৃত্বে আছেন চিকিৎসক ড. রিচার্ড বিল। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসক দলটি প্রথমে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসাধীন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করে। এরপর তারা স্থানীয় বিশেষজ্ঞ মেডিক্যাল টিমের সঙ্গে দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির মাত্রা, অঙ্গ-প্রত্যঙ্গ সাপোর্ট এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সূত্রমতে বর্তমানে খালেদা জিয়ার অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বিশেষজ্ঞ টিমের মূল লক্ষ্য হলো উন্নত ও সমন্বিত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করে তাঁর দ্রুত সুস্থতায় সহায়তা করা।

এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান: জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান,

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুই দিন আগে তাঁকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।