উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত লন্ডনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে নিরাপদে বিদেশে নিয়ে যেতে বিশেষায়িত 'রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স' পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিএনপি সূত্রমতে, গত ২৯ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে কাতার সরকার ইতিবাচক সাড়া দেয় এবং দেশটির আমির এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
এদিকে, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার জন্য শারীরিক সক্ষমতা মূল্যায়নে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. রিচার্ড বিল। তাঁর নেতৃত্বে চার সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ দল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করছেন। তারা স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে পরবর্তী চিকিৎসার রূপরেখা তৈরি করছেন।
এর আগে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন এবং বিএনপি নেত্রীর আশু আরোগ্য কামনা করেন।
মতামত