বিশেষ

জোবাইদা রহমান ঢাকার পথে, পৌঁছেই এভারকেয়ারে যাওয়ার পরিকল্পনা

প্রিন্ট
জোবাইদা রহমান ঢাকার পথে, পৌঁছেই এভারকেয়ারে যাওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২৫, রাত ১১:২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি গত কয়েক দিনে আরও গতি পেলেও শেষ মুহূর্তে জটিলতা বেড়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান। শুক্রবার দিনের প্রথমার্ধে তার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পৌঁছানোর পর তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ির খবর নেবেন বলে জানা গেছে।

এদিকে লন্ডন নেয়ার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও যাত্রা বিলম্বিত হচ্ছে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে বিমানটি রাতেই ঢাকায় আসবে। কিন্তু সন্ধ্যার পর দলের মিডিয়া উইং জানায়, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় এর উড্ডয়ন পিছিয়ে গেছে।

বিএনপির সূত্র বলছে, নির্ধারিত সময়ের মধ্যে বিমান প্রস্তুত না হলে কাতার কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করার বিষয়েও ভাবছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিমান প্রস্তুতি ও চিকিৎসকদের পরামর্শের ওপর ভিত্তি করে।

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার পুরো প্রক্রিয়ায় অংশ নিতে জুবাইদা রহমানও তার সঙ্গে থাকতে পারেন বলে দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে শুক্রবারের মধ্যেই পরবর্তী করণীয় ঠিক করা হতে পারে।