বিশেষ

বিএনপি নেতাকর্মীদের অপেক্ষার অবসান, ঢাকায় ফিরেছেন জুবাইদা রহমান

প্রিন্ট
বিএনপি নেতাকর্মীদের অপেক্ষার অবসান, ঢাকায় ফিরেছেন জুবাইদা রহমান

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। ভিআইপি ফটক দিয়ে বের হয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। তার আগমনের পর থেকেই অপেক্ষায় ছিলেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে জানা গেছে, শুক্রবার দুপুরে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারে। তার সঙ্গে পরিবারের সদস্য হিসেবে থাকবেন ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

চিকিৎসা ও নিরাপত্তা দলের সদস্য হিসেবে লন্ডনে যাচ্ছেন—

ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুনসহ এসএসএফ কর্মকর্তারা হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এছাড়া থাকবেন তারেক রহমানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান ও গৃহকর্মী দুজন।

২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় মেডিক্যাল বোর্ডে যুক্ত হয়েছেন লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাসপাতালে প্রতিদিনই তাকে দেখতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।