হাজার মাইল পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক চীনা তরুণ। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক শ্রমিকের সঙ্গে অ্যাপসের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতেই তার এই দীর্ঘ সফর। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ওই চীনা তরুণ ও তার বাবা আড়াইহাজারের ব্রাহ্মণদী ইউনিয়নের ভাইভাই স্পিনিং মিলে কর্মরত তরুণী সীমার খোঁজে সেখানে আসেন। সীমা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুরা ইউনিয়নের মুন্নাটুলি গ্রামের বাসিন্দা।
সীমার সহকর্মী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে চীনা তরুণটির সঙ্গে সীমার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই তারা একটি সফটওয়্যার ব্যবহার করে নিয়মিত কথা বলতেন এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের ধারাবাহিকতাতেই শুক্রবার চীনা তরুণটি সরাসরি সীমার সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসেন।
চীনা তরুণটি তার বাবাকে নিয়ে সীমার কর্মস্থলে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ও কর্মরত শ্রমিকেরা তাদের একনজর দেখতে ভিড় জমান। তবে ঘটনার বিষয়ে জানতে চাইতেই চীনা তরুণ, সীমা এবং তার বান্ধবী মুন্নি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কোথায় বা কী উদ্দেশ্যে তারা দ্রুত এলাকা ছাড়লেন, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এই প্রেমের সম্পর্কের ভবিষ্যৎ পরিণতি কী হবে, তা নিয়ে তারা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। স্থানীয়দের মধ্যে এই আন্তঃদেশীয় প্রেম নিয়ে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।
মতামত