সারাদেশ

নারায়ণগঞ্জে পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ বিপুল মাদক উদ্ধার

প্রিন্ট
নারায়ণগঞ্জে পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ বিপুল মাদক উদ্ধার

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৪৪

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, গুলি, ছোরা, সুইচ গিয়ার ও গাঁজাসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে একাধিক স্থানে এই অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আলমেহেদী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৯৯৯ নম্বরে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি বাড়িতে অভিযান চালায়। পরে অন্য একটি অভিযানে মূল অভিযুক্তের বাড়ি থেকে আরও অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে একটি জরুরি সংবাদের ভিত্তিতে পূর্ব ইসদাইর এলাকার চাষাড়া রেললাইনের পাশে ফরিদা ক্লিনিকের পেছনের নাসিরের বাড়িতে অভিযান চালানো হয়। জানা যায় যে, সাগর নামে এক যুবককে অজ্ঞাতনামা কয়েকজন ওই ঘরে আটকে রেখেছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলি উদ্ধার করে।

পুলিশ জানায়, এর আগে শুক্রবার রাতে রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভসহ ১০-১২ জন ওই বাড়িতে এসে ভাঙচুর করে এবং লোকজনকে মারধর করে বের করে দেয়। এই ঘটনার সূত্র ধরে শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাকের বাড়ি থেকে অস্ত্র ও ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার, ৪টি ছোরা, একটি দা।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আলমেহেদী নিশ্চিত করেছেন, এই ঘটনায় প্রধান অভিযুক্ত রাজ্জাকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা এবং তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, রাজ্জাকের বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। এই অভিযান নারায়ণগঞ্জ এলাকায় অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে আছে ।