সারাদেশ

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রিন্ট
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৪০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

দোয়া শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আলী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়া হবে।

মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়াকে লন্ডন নিয়ে গেলে সেখান থেকে সুস্থ হয়ে আসলে উনাকে আমাদের দেশের জন্য অনেক প্রয়োজন। উনার মতো ভালো নেত্রী আর হবে কি না জানি না। উনি সুস্থ হয়ে আসলে এদেশের মঙ্গল ছাড়া অন্য কিছু হবে না। এ সময় মোহাম্মদ আলী দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কর্মীদের মাঝে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, তারেক জিয়া আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী আমরা তার নেতৃত্ব ছাড়া কিছু বুঝি না।

তিনি উপস্থিত সকলকে বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানান। তাঁর প্রত্যাশা, যেন নেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন।

এই দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ-৪ আসনের স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।