সারাদেশ

খামারে বিষ প্রয়োগের অভিযোগ: হাঁস ও শালিক পাখি হত্যা

প্রিন্ট
খামারে বিষ প্রয়োগের অভিযোগ: হাঁস ও শালিক পাখি হত্যা

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫৮

নারায়ণগঞ্জের বন্দরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খামারে বিষ প্রয়োগ করে হাঁস ও শালিক পাখি হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী খামার মালিক তাঁর চাচাত ভাই ও চাচীর বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকার বাসিন্দা খামার মালিক নাজমুল হোসেন-এর সঙ্গে তাঁর চাচাত ভাই শাহীন ও চাচী আকলিমা বেগম-এর পৈত্রিক সম্পত্তি এবং যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে।

অভিযোগে নাজমুল হোসেন জানান, শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করে ক্ষতিসাধনের হুমকি দেয়। এর জের ধরে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে প্রতিপক্ষ শাহীনের ছেলে ছাইয়ান তাঁর হাঁসের খামারে বিষ প্রয়োগ করে। বিষক্রিয়ার ফলে ৬টি হাঁস এবং ২টি শালিক পাখি মারা যায়। এছাড়াও, খামারের অন্যান্য হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ে। নাজমুল হোসেন এই ঘটনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান।

ক্ষতিগ্রস্ত খামার মালিক নাজমুল হোসেন ঘটনার দিনই চাচাত ভাই শাহীন ও চাচী আকলিমা বেগমকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।