আগামী বুধবার ১০ ডিসেম্বর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে জোরালো ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তবে সিইসির রেকর্ডকৃত এই ভাষণটি বুধবারই প্রচার করা হবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষণ রেকর্ডের পাশাপাশি একই দিন দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকে।
প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইসির একাধিক সূত্র জানিয়েছে, রেওয়াজ অনুযায়ী যেদিনই সিইসির ভাষণ রেকর্ড করা হয়, সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে থাকে।
সর্বশেষ, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছিল ইসি এবং ওই নির্বাচনের তফসিল সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
নির্বাচন কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, আগামী বুধবারই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে কমিশন জানিয়েছিল, আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মতামত