সারাদেশ

ফতুল্লায় ঘুরতে নিয়ে তরুণী ধর্ষণ: দুই নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রিন্ট
ফতুল্লায় ঘুরতে নিয়ে তরুণী ধর্ষণ: দুই নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৮ বছর বয়সী এক তরুণীকে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্যাতিতা তরুণী বাদী হয়ে ধর্ষণে অভিযুক্ত মূল আসামিসহ সহযোগিতার অভিযোগে দুই নারীসহ মোট তিনজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) এই মামলাটি দায়ের করা হয়।

মামলার প্রধান অভিযুক্ত আসামি হলেন ফতুল্লা শান্তিধারা এলাকার আনোয়ার মেম্বারের ভাড়াটিয়া হাসান শরীফ (৪০)। ধর্ষণের কাজে সহায়তাকারী অপর দুই আসামি হলো, রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার (২৫) এবং বিন্দু (৩০)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী ফতুল্লার একটি বিউটি পার্লারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেখানে কয়েক মাস আগে আসামি রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে রুহানী তরুণীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন।

তরুণীর সম্মতিতে চলতি মাসের ৪ তারিখ রাত ১০ টার দিকে তারা প্রাইভেট কারে করে মাওয়া যান। মাওয়া ঘাটসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে বুধবার (৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তারা ফতুল্লার ভুইগড় শান্তিধারায় প্রধান আসামি হাসান শরীফের ভাড়া বাসায় ফেরেন।

সেখানে অপর দুই আসামি রুহানী ও বিন্দু তরুণীকে জোরপূর্বক হাসান শরীফের বেডরুমে ঢুকিয়ে দিয়ে অন্য রুমে চলে যান। এই সুযোগে হাসান শরীফ তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দন চন্দ্র সরকার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।