নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী বাদল। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুড়াপাড়া ইউনিয়নের মীর গদাই ঈদগাহ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী বাদলের কাছে দীর্ঘদিন ধরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেন ও তাদের অনুসারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
সোমবার সন্ধ্যায় চাঁদাবাজ টেডা ইকবাল তার দলবল নিয়ে বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে চড়াও হয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা প্রথমে বাদলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসী টেডা ইকবাল সরাসরি বাদলকে লক্ষ্য করে গুলি চালায়।
টেডা ইকবালের ছোড়া গুলিতে বাদল গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা এরপর ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, এলাকায় চাঁদাবাজি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এবং সন্ত্রাসীদের ভয়ে তারা মুখ খুলতে সাহস পান না। তারা অবিলম্বে এই চাঁদাবাজ চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মতামত