সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:৪৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিষেশ অভিযান চালিয়ে ৫১ পুড়িয়া হেরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান আরমান (৩৪) ও আফতাব হোসেন (১৯) কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আফতাব হোসেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের মো. হোসেনের ছেলে। বর্তমানে তিনি মৌচাক বসু মার্কেট সংলগ্ন সাগরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরদিকে, মাহমুদুল হাসান আরমান মিজমিজি বসু মার্কেট এলাকার সালাউদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, দিবাকালীন জরুরি ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মিজমিজি মধ্যপাড়া মদিনা মসজিদ রোডে ফয়েজ মিয়া বালুর মাঠের সামনের পাকা রাস্তায় মাদক ব্যবসায়ীরা হেরোইন বিক্রির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ উপস্থিতির টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে কৌশলে দুজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে বড় আকৃতির একটি সাদা জিপার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর সাদা কাগজে মোড়ানো ও স্ট্যাপলার পিন দিয়ে আটকানো মোট ৫১ পুরিয়া হেরোইন পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার ৩০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১২ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারকৃত মাহমুদুল হাসান আরমান ও আফতাব হোসেন এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিল। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।