সারাদেশ

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত: তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা

প্রিন্ট
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত: তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৫৬

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর দুর্নীতি প্রতিরোধের বার্তা নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর উপ-পরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ-এর উপপরিচালক মো: ইসমাইল হোসেন-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দুপ্রক-এর উপদেষ্টা ডা: শাহনেওয়াজ চৌধুরী ও সভাপতি বাবুল কৃষ্ণ সাহা এ সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, দুদক কর্মকর্তা-কর্মচারী, দুপ্রক সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউটস এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের প্রতি আহ্বান জানান।