সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিস মনির র‌্যাবের জালে

প্রিন্ট
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিস মনির র‌্যাবের জালে

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:২৪

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে ১০ মামলার আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির হোসেন (৫৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‌্যাব-১১, সিপিসি-১ জানায়, ধারাবাহিক গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা বন্দর থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনির বন্দর থানার হরিপুর এলাকার আব্দুল করিমের ছেলে। স্থানীয় সূত্র তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন তিনি। মাদক সংক্রান্ত মামলা ছাড়াও তার বিরুদ্ধে চুরি, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট ১০টি মামলা রয়েছে। তিনি তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন এবং একটি মাদক মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছিল।

র‌্যাব আরও জানায়, দ্রুত অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখতে র‌্যাব প্রতিশ্রুতিবদ্ধ। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।