সারাদেশ

নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ মানবে না: হুঁশিয়ারি মুফতি ফয়জুল করীমের

প্রিন্ট
নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ মানবে না: হুঁশিয়ারি মুফতি ফয়জুল করীমের

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশের জনগণ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ পরিবেশে সেই নির্বাচন উপহার দেবে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, কোনো দল বা ব্যক্তির স্বার্থ চিন্তা করে নির্বাচন বিলম্বিত করার কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, যারা এতদিন নির্বাচনের জন্য সোচ্চার ছিলেন, তারা আজ নিশ্চুপ। তিনি জনগণের প্রত্যাশা জানিয়ে বলেন, ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। মুফতি ফয়জুল করীম সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, দেশের মানুষ এখন চাঁদাবাজদের আর ভোট দেবে না। বিদেশে অর্থপাচারকারীদের বিরুদ্ধেও জনরোষ বাড়ছে। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ শান্তিপ্রিয় জীবন, নারীদের নিরাপত্তা, ব্যবসায়ীদের জন্য চাঁদামুক্ত পরিবেশ এবং চাকরি জীবীদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি চায়। তিনি দাবি করেন, দেশে যদি ২৮ লাখ কোটি টাকা পাচার না হতো, তবে কোনো মানুষকেই দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করতে হতো না।

নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৪ এর আহ্বায়ক মুহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং নারায়ণগঞ্জ-৪ এর প্রার্থী মাওলানা ইসমাঈল সিরাজি প্রমুখ।