নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদুল ইসলাম (২০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ পাইনাদি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা পিএমএ-এর মোড়ের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাকিরুল ইসলাম জানান, নিয়মিত মাদক অভিযান ও ওয়ারেন্ট তামিলের ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, পাইনাদি নতুন মহল্লা শাপলা চত্বর সংলগ্ন মায়া টি-স্টোরের সামনে পাকা রাস্তার ওপর একজন মাদক ব্যবসায়ী একটি বড় মাদকের চালান নিয়ে অবস্থান করছেন। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে কৌশলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম বড় মাপের মাদক ডিলার। সে দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিল। তিনি আরও বলেন, আমি থানায় যোগদানের পর এই প্রথম এত বড় একটি মাদকের চালান ধরতে সক্ষম হলাম। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত