আসন্ন সংসদ নির্বাচন নিয়ে নূন্যতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমতল ক্রীড়াঙ্গন নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন আরও বলেন, পূর্ববর্তী পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণ করে প্রতিটি সেক্টরে সংস্কার (রিফর্ম) করার পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে।
তিনি বিশেষ করে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের প্রসঙ্গে বলেন, এই মন্ত্রণালয়টির ভঙ্গুর অবস্থা থেকে অনেকাংশেই উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসন এবং নদীগুলো দখলমুক্ত করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মিজ শিবানী সরকারসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
মতামত