আন্তর্জাতিক

মিশরীয় কিশোর হামজাকে দলে নিতে চূড়ান্ত পর্যায়ে বার্সেলোনা

প্রিন্ট
মিশরীয় কিশোর হামজাকে দলে নিতে চূড়ান্ত পর্যায়ে বার্সেলোনা

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩৬

মিশরের কিশোর ফুটবলার হামজা আবদেলকারিমকে দলে ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আল আহলির এই তরুণ স্ট্রাইকার সম্প্রতি ক্লাবের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন এবং এর আগেই মিশরের অনূর্ধ্ব সতেরো দলে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন।

স্প্যানিশ দৈনিক স্পোর্ট জানিয়েছে বার্সেলোনা চলতি বছর শেষ হওয়ার আগেই হামজাকে দলে টানার প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। প্রথম ধাপে তাকে ধারে নেয়া হবে এবং পরে কেনার অপশন রাখা হবে। জানুয়ারির শুরুতেই তাকে বার্সা অ্যাথলেটিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। দলটিতে ফরোয়ার্ড সংকট থাকায় এ সিদ্ধান্ত দ্রুত প্রক্রিয়াধীন। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। মূল কারণ হলো খেলোয়াড়ের বার্সায় যোগ দেওয়ার প্রবল আগ্রহ। এই দৌড়ে বায়ার্ন মিউনিখ ও এসি মিলানকে পেছনে ফেলেছে বার্সেলোনা।

কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে বার্সার স্কাউটরা হামজার পারফরম্যান্সে মুগ্ধ হন। সেখান থেকেই শুরু আলোচনা। আগ্রহ জানার পর হামজা অন্য সব আলোচনাই স্থগিত করেন। তার বাবা আল আহলিকে অনুরোধ করেছেন ছেলেকে বার্সায় যেতে সুযোগ করে দিতে।

আল আহলি ধারে দিতে রাজি হলেও চায় নির্দিষ্ট আর্থিক নিশ্চয়তা। ক্লাবটি চায় শুরুতে স্থির ফি, পারফরম্যান্স বোনাস এবং ভবিষ্যতে খেলোয়াড় বিক্রির ক্ষেত্রে একটি নির্দিষ্ট শতাংশ। প্রথম দলে জায়গা পেলে অতিরিক্ত অর্থের শর্তও থাকতে পারে। পেদ্রিকে লাস পালমাস থেকে আনার সময় যে ধরনের কাঠামো ব্যবহার করা হয়েছিল একই ধরনের মডেল হতে পারে হামজার ক্ষেত্রেও।

খবরে আরও বলা হয়েছে বার্সেলোনা হামজাকে আগামী গ্রীষ্মের প্রি সিজনে প্রথম দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এতে খেলোয়াড় ও পরিবার পুরোপুরি আশ্বস্ত হয়েছে।

হামজা একজন সহজাত স্ট্রাইকার হিসেবে পরিচিত। গোল করার প্রবল ক্ষমতার পাশাপাশি বল দখল, নিচে নেমে খেলা গড়া, সতীর্থদের সঙ্গে লিংক আপ—সব দিকেই তার দক্ষতা রয়েছে। জানুয়ারিতে আঠারো বছরে পা রাখবেন তিনি। ফলে দলে যোগ দিতে বয়সজনিত কোনো বাধা থাকছে না।