সারাদেশ

জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি জেলা পরিষদের সিইও স্ট্যান্ড রিলিজ

প্রিন্ট
জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি জেলা পরিষদের সিইও স্ট্যান্ড রিলিজ

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ১২:৩৪

দীর্ঘদিন ধরে প্রায় ৭০০টি উন্নয়ন প্রকল্পের ফাইল আটকে রাখা ও প্রশাসনিক স্থবিরতার অভিযোগে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরকার আব্দুল্লাহ-আল-মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এর পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুলাইয়ের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়, অন্যথায় ওই দিন বিকেল থেকেই তিনি স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছর থেকে নানা অর্থবছরের প্রায় ৭০০টি উন্নয়ন প্রকল্পের ফাইল বছরের পর বছর আটকে ছিল। ফলে জেলার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্টসহ একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ বন্ধ হয়ে পড়ে। ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে সিইওর অবহেলার সত্যতা মেলে।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জানান, ফাইল আটকে থাকায় সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়েছে। নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলে জট লেগে থাকা ৭০০ প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।