পাবনার দারুল আমান ট্রাস্টের ইসলামী জলসা চলাকালীন এক শরবত বিক্রেতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মাত্র ১০-২০ টাকা শরবতের দাম চাওয়াকে কেন্দ্র করে এই নৃশংস হামলার শিকার হয়েছেন ওই বিক্রেতা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জলসা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মো. সোহান (১৭), সে মহেন্দ্রপুর এলাকার শেখ শরীফের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোহান জলসার মাঠে ওই দোকানদারের কাছে শরবত পান করে। শরবত খেয়ে টাকা না দিয়ে সে চলে যেতে চাইলে দোকানদার টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহান চিৎকার করে বলতে থাকে, তুই আমাকে চিনিস তোকে টাকা দেব না কী করবি এ নিয়ে তর্কের একপর্যায়ে সোহান তার কাছে থাকা টিপ চাকু দিয়ে বিক্রেতার শরীরে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় জলসা প্রাঙ্গণে সাময়িক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাবনা সদর থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মতামত