সরেজমিনে দেখা যায়, পুরো সড়কজুড়েই বড় বড় গর্ত ও খানাখন্দ। কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া ও মাটি বেরিয়ে এসেছে। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই এই বেহাল সড়ক দিয়ে সিএনজি, অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন চলাচল করছে। গর্তে পড়ে প্রায়ই গাড়ি উল্টে যাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে রাতের অন্ধকারে এই দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
বন্দর ও সোনারগাঁ উপজেলার অন্যতম সংযোগকারী এই সড়কটির এমন দশায় চরম ক্ষুব্ধ স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। রাস্তার এমন বেহাল দশার কারণে দুর্ঘটনার ভয়ে সন্তানদের স্কুল-কলেজে পাঠাতেও আতঙ্কিত থাকেন অভিভাবকরা।
জনদুর্ভোগ লাঘবে এবং বড় কোনো প্রাণহানির আগেই সড়কটি দ্রুত সংস্কারের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। দ্রুত সড়কটি মেরামত করা না হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত ও অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের।
মতামত