সরেজমিনে দেখা যায়, মার্কেটের পূর্ব দিকে সামান্য দূরত্বে থাকা খুঁটির নিচে মাছ, মাংস ও সবজিসহ বিভিন্ন দোকানপাট রয়েছে। মাথার ওপর দিয়ে গেছে জট পাকানো অসংখ্য তার। ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, পুরোনো ট্রান্সফরমারগুলো বজ্রপাত বা শর্টসার্কিট থেকে যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে পুরো মার্কেটে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়তে পারে।
মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাসেল প্রধান জানান, গত জানুয়ারি মাসে এখানকার একটি ট্রান্সফরমায় আগুন ধরে যায়। পরে দ্রুত নিজেদের চেষ্টায় তা নেভানো সম্ভব হয়। খুঁটি ও ট্রান্সফরমারগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পল্লী বিদ্যুতের মদনপুর জোনাল অফিসে বারবার যোগাযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মদনপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মার্কেট কর্তৃপক্ষকে নিজস্ব একটি বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণের কথা বলা হয়েছে। সেটি হলে আমরা ওই খুঁটি ও ট্রান্সফরমার সরিয়ে মাটির নিচ দিয়ে নিরাপদ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করব। এতে ক্রেতা-বিক্রেতাদের ঝুঁকি অনেকটাই কমে আসবে।
মতামত