সারাদেশ

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে ছাত্র-জনতার থুতু ও জুতা নিক্ষেপ

প্রিন্ট
মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে ছাত্র-জনতার থুতু ও জুতা নিক্ষেপ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:০৮

মাগুরায় একাত্তরের ঘাতক-দালাল ও রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনের লক্ষে নির্মিত ঘৃণা স্তম্ভে জুতা-স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের সামনে এই প্রতীকী স্তম্ভটি নির্মাণ করা হয়। স্তম্ভটি স্থাপনের পরপরই সেখানে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা ভিড় করেন এবং রাজাকারদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে যারা এ দেশের বিরোধিতা করেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মা-বোনের সম্ভ্রমহানি ও বীর মুক্তিযোদ্ধাদের হত্যায় মেতে ছিল, তাদের প্রতি ঘৃণা জানাতেই এই আয়োজন। রাজাকারদের ভূমিকা জাতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। আগামী প্রজন্মকে এই কলঙ্কিত ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এই প্রতীকী প্রতিবাদ।

বিক্ষুব্ধ ছাত্ররা আরও জানান, মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তি যেন নতুন করে দেশবিরোধী তৎপরতা বা দমন-পীড়ন চালাতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ কর্মসূচির মূল লক্ষ্যই হলো দেশদ্রোহীদের প্রতি চিরস্থায়ী ঘৃণা ছড়িয়ে দেওয়া।

বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।