দেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী কেন নির্বাচন করবেন না, সেটি তার ব্যক্তিগত বিষয়। নিরাপত্তার অজুহাত তুলে কেউ প্রার্থিতা প্রত্যাহার করলে তার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। তবে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। তিনি আরও বলেন, এখানে সাংবাদিক ও ব্যবসায়ীসহ সবাই উপস্থিত আছেন, কেউ ব্যক্তিগতভাবে অনিরাপদ বোধ করলে সেটি তার নিজস্ব বিষয় হতে পারে।
এর আগে দুপুর আড়াইটায় বিকেএমইএ ভবনে জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে ৬টি লেগুনা (টহল গাড়ি) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। বিকেএমই এর এই উদ্যোগকে দৃষ্টান্তমূলক অভিহিত করে তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটকালে ব্যবসায়ীদের এমন সহায়তা পুলিশের কাজে গতি আনবে।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, নতুন এই পুলিশ ভ্যানগুলো শিল্পাঞ্চল ও জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিকেএমইএ-র নেতৃবৃন্দ এবং জেলা ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত