সারাদেশ

সোনারগাঁয়ে বাড়িতে হামলা ও লুটপাট নিরাপত্তাহীনতায় এক পরিবার

প্রিন্ট
সোনারগাঁয়ে বাড়িতে হামলা ও লুটপাট নিরাপত্তাহীনতায় এক পরিবার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:০৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক প্রবাসীর পরিবারের ওপর দফায় দফায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী খন্দকার নাঈম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের সোহাগ, সুজন ও নাজমা বেগমের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সশস্ত্র দল খন্দকার নাঈমের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে পরিবারের নারী সদস্যদের লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ উঠেছে।

খন্দকার নাঈম জানান, ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা সটকে পড়ে। তবে পুলিশ চলে যাওয়ার পর থেকে তারা পুনরায় হত্যার হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী নাঈম বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিন মাস আগেও আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী সেবার আমাকে উদ্ধার করে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে আমার শ্বশুরবাড়ির পক্ষীয় লোকজন এই তাণ্ডব চালাচ্ছে। নিরাপত্তার অভাবে বর্তমানে তিনি সিএনজি চালানো বন্ধ করে এক প্রকার গৃহবন্দী অবস্থায় আছেন।

কর্তৃপক্ষের বক্তব্য: স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।