দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদ্যে রংপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, ও তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলমের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক শ্রমবাজারে টিকে থাকতে হলে অদক্ষ শ্রমিক না পাঠিয়ে পেশাগত দক্ষতা ও সংশ্লিষ্ট দেশের ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে। দক্ষ কর্মীরা অদক্ষদের তুলনায় অন্তত তিন গুণ বেশি আয় করতে সক্ষম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল-এর উপমহাব্যবস্থাপক নাজমুন নাহার, টিটিসি অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল ইক এবং ইসলামী ব্যাংকের জোনাল প্রধান মো. মতিউর রহমান।
আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী পরিবারগুলোর মাঝে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। পরে রংপুর টাউন হল মাঠে তিন দিনব্যাপী অভিবাসী ও চাকরি মেলার উদ্বোধন করেন অতিথিরা। ১৮ থেকে ২০ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মতামত