সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে থেকে ১২৬ পিস ইয়াবাসহ এক নারী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে মাক্কীনগর মাদ্রাসা রোডের হিরাঝিল টাওয়ার-এর নবম তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিলকিছ আক্তার (৩৫) এবং তার সহযোগী মো. ফেরদৌস আলী (৪১)। তবে অভিযানের সময় বিলকিছের স্বামী ও মাদক ব্যবসার মূল হোতা আশরাফুল হোসেন মামুন পালিয়ে যেতে সক্ষম হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করার সময় গোপন সংবাদ আসে যে, হিরাঝিল টাওয়ারের ৯-এ ফ্ল্যাটে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৩৩৩ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়ে লোকচক্ষুর অন্তরালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি মামুনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।