ঠাকুরগাঁওয়ে কৃষকদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এবং আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের বাস্তবায়নে এদিন প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু আবদুল্লাহ আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম। এছাড়াও বক্তব্য দেন প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশির ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে মানবদেহে জিংকের গুরুত্ব, অভাবজনিত লক্ষণ এবং জিংক সমৃদ্ধ ধান ও গমের আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কৃষকরা জিংক সমৃদ্ধ ফসলের উৎপাদন বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষকের হাতে ৪ কেজি করে উন্নত মানের ব্রি ধান-১০২ জিংক জাতের ভিত্তি বীজ তুলে দেওয়া হয়।
মতামত