সারাদেশ

নেতাকর্মীদের চাপে সিদ্ধান্ত পরিবর্তন: পুনরায় ভোটের মাঠে মাসুদুজ্জামান মাসুদ

প্রিন্ট
নেতাকর্মীদের চাপে সিদ্ধান্ত পরিবর্তন: পুনরায় ভোটের মাঠে মাসুদুজ্জামান মাসুদ

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৩০

কর্মী-সমর্থকদের প্রবল আবেগ ও ভালোবাসার মুখে নির্বাচন না করার সিদ্ধান্ত থেকে সরে এলেন নারায়ণগঞ্জ বিএনপির প্রভাবশালী নেতা মাসুদুজ্জামান মাসুদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের বিক্ষোভের মুখে তিনি পুনরায় নির্বাচনী মাঠে ফেরার ঘোষণা দেন।

 গতকাল বিকেলে মাসুদুজ্জামানের নির্বাচন না করার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে তারা খানপুর হাসপাতাল রোডে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মাসুদুজ্জামান তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন এবং নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

নেতাকর্মীদের আশ্বস্ত করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, এখন থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন, আপনারাই আমার নিরাপত্তা। আজ থেকে নিরাপত্তার আর কোনো শঙ্কা রইলো না। জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকবো এবং দলের হয়ে কাজ করবো।

এ সময় তিনি জানান, পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তিনি মনোনয়ন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে জনগণের ভালোবাসা তাকে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে। তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 মাসুদুজ্জামান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, তার আয়োজিত পূর্ববর্তী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যদি দল বা নেতৃবৃন্দ বিব্রত হয়ে থাকেন, তবে সেজন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন। তিনি সাফ জানিয়ে দেন, দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।

 বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।