সারাদেশ

ঠাকুরগাঁও অঞ্চলে বিলুপ্তির পথে গরুর হালচাষ

প্রিন্ট
ঠাকুরগাঁও অঞ্চলে বিলুপ্তির পথে গরুর হালচাষ

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:২৫

প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষিব্যবস্থার প্রসারের ফলে ঠাকুরগাঁও অঞ্চলে দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হালচাষ। একসময় গ্রামবাংলার কৃষিকাজে গরু ও লাঙল ছিল অপরিহার্য উপকরণ। কৃষকরা গরুর জোয়াল বেঁধেই জমি চাষ করতেন। তবে বর্তমানে সেই চিরচেনা দৃশ্য আর তেমন দেখা যায় না।

ট্রাক্টর, পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য হওয়ায় গরুর হালের ব্যবহার দ্রুত কমে গেছে। সময় ও শ্রম সাশ্রয়, কম খরচে অধিক উৎপাদনের লক্ষ্যে কৃষকরা ঝুঁকছেন যান্ত্রিক পদ্ধতির দিকে। ফলে গরুর হালচাষ আজ প্রায় ইতিহাসে পরিণত হতে চলেছে।

জেলার ২২টি ইউনিয়ন ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রহিম, দুলাল, সিদ্দিকসহ অনেক কৃষক জানান—বর্তমানে গরু পালন করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। জমির পরিমাণ কমে যাওয়া, গোখাদ্যের মূল্য বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রের সহজ ব্যবহার—সব মিলিয়ে গরুর হালচাষ আর তাদের কাছে লাভজনক নয়।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের কৃষি বিশেষজ্ঞরা বলছেন, গরুর হাল শুধু কৃষিকাজের একটি উপকরণ নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য হারিয়ে গেলে গ্রামীণ জীবন থেকে মুছে যাবে এক সময়ের কৃষিভিত্তিক সংস্কৃতির একটি বড় অধ্যায়। তাই ঐতিহ্যবাহী এই কৃষিপদ্ধতি রক্ষায় সচেতনতা ও আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

এক সময় কৃষির মূল ভিত্তি হিসেবে পরিচিত গরুর হাল আজ বিলুপ্তির পথে। গ্রামবাংলার সেই পরিচিত দৃশ্য আবার ফিরবে কি না—তা এখন সময়ের ওপরই নির্ভর করছে।