ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদির দাফন সম্পন্ন করার পর শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাদির মৃত্যুর দায় প্রশাসন এড়াতে পারে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। বিকেল থেকেই হাদি, হাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
জানাজা শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিসৌধের পাশে তাকে শায়িত করা হয়। দাফন শেষে আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মতামত