সারাদেশ

বিতর্কিতদের সঙ্গে ছবি তুলে অপব্যবহার রোধে ফতুল্লা ওসির ব্যতিক্রমী উদ্যোগ

প্রিন্ট
বিতর্কিতদের সঙ্গে ছবি তুলে অপব্যবহার রোধে ফতুল্লা ওসির ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫, রাত ১০:২৭

বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ছবি তোলা এবং পরবর্তী সময়ে তার অপব্যবহার রোধে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান। থানার ওসির কক্ষের প্রবেশদ্বারে টাঙানো হয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি, যেখানে লেখা রয়েছে ছবি তোলার জন্য অনুরোধ করিবেন না। অনুরোধক্রমে অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা।

থানা সূত্রে জানা গেছে, অনেক সময় রাজনৈতিক বা সামাজিকভাবে বিতর্কিত ব্যক্তিরা কৌশলে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন। পরবর্তী সময়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজেদের অবস্থান শক্ত করা, মানুষকে ভয় দেখানো বা অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেন। এমন অপব্যবহার ও প্রশাসনিক বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এই সতর্কতা।

এ বিষয়ে ওসি মো. আব্দুল মান্নান বলেন, থানায় অনেক সময় এমন ব্যক্তিরা আসেন যারা পরবর্তী সময়ে অপরাধে জড়িয়ে পড়েন। তাদের সাথে ছবি থাকলে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয় এবং অপরাধীরা তা ঢাল হিসেবে ব্যবহার করে। সাধারণ সেবা প্রার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা, কিন্তু কারো পরিচয় বা ছবিকে যেন কেউ অপরাধমূলক কাজে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।

থানায় আসা সেবা প্রার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এর আগে কোনো ওসির কক্ষে এমন সতর্কতা দেখা না গেলেও, বর্তমানে অপরাধী ও সুযোগসন্ধানীদের দৌরাত্ম্য কমাতে এটি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ। ওসি স্পষ্ট করেছেন, এই ব্যবস্থা সেবা প্রার্থীদের জন্য নয়, বরং শৃঙ্খলার স্বার্থে নেওয়া হয়েছে।