নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আব্দুল হক নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ও আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নৃশংস হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চাষাঢ়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় শুভ গ্রুপ ও রাজ্জাক গ্রুপ নামে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওইদিন রাত ৮টার দিকে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল হক চাষাঢ়া থেকে ইসদাইরের বাসায় ফিরছিলেন। পথে রেল স্টেশন সংলগ্ন এলাকায় সোহেলের ছেলে শুভর নেতৃত্বে ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে আনোয়ার হোসেন এগিয়ে এলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের হাতে ধারালো অস্ত্র ছিল। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় সাধারণ পথচারীদের ওপরও হামলা চালায় তারা। এতে আব্দুল হকসহ আরও কয়েকজন আহত হন। এলাকাবাসীর দাবি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
মতামত