সারাদেশ

ধলেশ্বরীতে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে: প্রবাসীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রিন্ট
ধলেশ্বরীতে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে: প্রবাসীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে চলন্ত ফেরিতে ট্রাকের ধাক্কায় ৫টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ফতুল্লা থেকে বক্তাবলী ঘাটে যাওয়ার পথে মাঝনদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), ভ্যানচালক স্বাধীন (২২) এবং পোশাক শ্রমিক রফিক (৩৫)। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে রাত দেড়টার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ জানায়, রাত ৯টার দিকে ফতুল্লা ঘাট থেকে যানবাহন নিয়ে ফেরিটি বক্তাবলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের যানবাহনে ধাক্কা দিয়ে নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় ফেরিতে থাকা ১টি মোটরসাইকেল, ২টি ইজিবাইক ও ১টি ভ্যান গাড়িও নদীতে তলিয়ে যায়। নিহত রফিকের স্ত্রী পিংকি জানান, তারা স্বামী-সন্তানসহ মোটরসাইকেলে বাবার বাড়ি যাচ্ছিলেন। ট্রাকের ধাক্কায় তিনি ও দুই সন্তান ফেরিতে ছিটকে পড়লেও রফিক মোটরসাইকেলসহ নদীতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নিহত মাসুদ রানার মা পারভিন আক্তার জানান, মাত্র ২৫ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন মাসুদ। ড্রাইভিং শিখে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। রাতেই তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নদীতে তলিয়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।