সারাদেশ

শেরপুরে ৮ দফা দাবিতে এটিআই শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ

প্রিন্ট
শেরপুরে ৮ দফা দাবিতে এটিআই শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১২

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা তাদের আট দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ইনস্টিটিউট প্রাঙ্গণে সমবেত হয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বিশেষ সুযোগ সৃষ্টি করা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) মর্যাদা প্রদান, দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসন এবং কৃষি ডিপ্লোমা শিক্ষাকে সরাসরি কৃষি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা।

এছাড়া বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পদ সংরক্ষণসহ মোট আটটি সুনির্দিষ্ট দাবিতে তারা সোচ্চার হয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইতিপূর্বে একাধিকবার স্মারকলিপি প্রদান ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই এবার বাধ্য হয়ে তারা কঠোর আন্দোলনে নেমেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ের ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।