ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইউনিয়ন পরিষদের অনুমতি তোয়াক্কা না করে দলীয় প্রভাব খাটিয়ে সড়কের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক কাঠ ব্যবসায়ী ও স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের রায়মহল মহিলা মার্কেট থেকে বটতলী যাওয়ার সরকারি সড়কে। অভিযুক্তরা হলেন, রায়মহল গ্রামের মৃত বিলুকের ছেলে কাঠ ব্যবসায়ী লাবলু হোসেন এবং আঠিয়াবাড়ী গ্রামের মতিউর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ও রবিবার অভিযুক্তরা দলীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে ওই সড়কের প্রায় ৩০টি গাছ কেটে ফেলেন। যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা। রবিবার সকালে গাছগুলো কাটার খবর পেয়ে এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা কয়েকটি গাছ কাটা অবস্থায় রেখে পালিয়ে যান। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তারা গণমাধ্যমকর্মীদের আর্থিক প্রলোভন দেখানোরও চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লাবলু ও মতিউর রহমান দম্ভোক্তি করে বলেন, আমরা গাছ কেটে নিয়ে যাব, কারও কিছু করার থাকলে করবে।
পাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। পরিষদকে না জানিয়েই সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মতামত