সারাদেশ

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকানসহ বসতঘর ভস্মীভূত ৬০ লাখ টাকার ক্ষতি

প্রিন্ট
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকানসহ বসতঘর ভস্মীভূত ৬০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:০৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে একটি কুলিং কর্নার, হার্ডওয়্যার দোকান, মুদি দোকান, সিলিন্ডার দোকান ও একটি ওয়ার্কশপ সম্পূর্ণ পুড়ে গেছে। মার্কেটের মালিক মো. এনামুল হক জানান, আগুনে দোকানের মালামাল ছাড়াও নগদ ৫ লাখ ২২ হাজার টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয় ওমেরা গ্যাস ফ্যাক্টরির কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের স্বত্বাধিকারী এনামুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি ঘুমিয়েছিলাম, খবর পেয়ে এসে দেখি সব শেষ। আগুনের তীব্রতায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানায়, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।