সারাদেশ

বালিয়াডাঙ্গীতে পাড়িয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ও দোয়া মাহফিল

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে পাড়িয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১২:০৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় মিলাদ মাহফিল এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক ধানের শীষের প্রার্থী এবং ড্যাবের সাবেক মহাসচিব ড. মো. আব্দুল সালাম।

ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট সৈয়দ আলম, ড. টি এম মাহবুবুর রহমান ও ড. তোফাইল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল সালাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশবাসীর প্রার্থনা। একইসঙ্গে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক আরফান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।