ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসন থেকে এখন পর্যন্ত বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এখন পর্যন্ত কোনো প্রার্থী তা জমা দেননি। এছাড়া আগামী ২৫ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে প্রাথমিক হিসেবে জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন।
জয়পুরহাট-১ এই আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালাল উদ্দিন মন্ডল ও আতাউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৩৯৪ জন।
জয়পুরহাট-২ এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সচিব আব্দুল বারী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম। এছাড়া সাবেক ছাত্রদল নেতা আব্বাস আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।
নির্বাচন কার্যালয় জানায়, জেলার দুটি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৫৪টি এবং মোট ভোটকক্ষ ১ হাজার ৫৯৯টি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
মতামত