রাজধানীতে ওসমান হাদি হত্যার রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় প্রকাশ্যে গুলি করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে। সোমবার (২২ ডিসেম্বর) দুর্বৃত্তরা তার মাথায় লক্ষ্য করে গুলি চালায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার কানের পাশে লেগেছে। উন্নত পরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল জানান, ঘটনার পরপরই পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে শরিফ ওসমান হাদিকে একইভাবে গুলি করা হয়, যিনি পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অল্প সময়ের ব্যবধানে দলটির আরেক নেতার ওপর এমন হামলায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মতামত