মাগুরার শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রোগী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী নাজমুল সাকিবের সভাপতিত্বে সভায় কমিটির পদাধিকারী কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়। এতে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অধ্যক্ষ মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং সহ-সাধারণ সম্পাদক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা।
সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটিকে আরও গতিশীল ও কার্যকর করার মাধ্যমে উপজেলার দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। কমিটি গঠনের মূল লক্ষ্যই হলো অর্থাভাবে যেন কোনো দরিদ্র পরিবার চিকিৎসাবঞ্চিত না হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল আলম প্রদীপ, সাধারণ সম্পাদক মো. আলী রেজা, সাংবাদিক খান আবু হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
মতামত