সারাদেশ

কুড়িগ্রামে হত্যা মামলার আসামিসহ আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান: জনমনে ক্ষোভ

প্রিন্ট
কুড়িগ্রামে হত্যা মামলার আসামিসহ আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান: জনমনে ক্ষোভ

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১০:০৯

কুড়িগ্রামে আলোচিত শিবির কর্মী রফিকুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিএনপিতে যোগদান নিয়ে জেলাজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। গত শনিবার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৯ জন নেতা দলটিতে যোগ দেন। এই ঘটনাকে ফ্যাসিস্টদের পুনর্বাসন ও শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে ছাত্র-নাগরিক সমাজ।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুর রহমান, আল হারুনুজ্জামান হারুন, মোস্তফা কামালসহ নয়জন। এদের মধ্যে একজন আলোচিত রফিকুল হত্যা মামলার আসামি এবং অপর একজনের ছেলে জুলাই আন্দোলনে ছাত্র হত্যার প্রধান আসামি বলে জানা গেছে।

এই যোগদানকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, ফ্যাসিস্টদের আশ্রয় দিয়ে বিএনপি জুলাই আন্দোলনের আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে। জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মুকুল মিয়া একে রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে আখ্যা দিয়েছেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ মন্তব্য করেন যে, পুরোনো ফ্যাসিস্টদের নতুন করে জায়গা দেওয়া জাতির জন্য হতাশাজনক। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।