নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ২৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই অর্থ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহতদের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতদের ৩ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে মোট ১ কোটি ২৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া পেশাদার গাড়িচালকদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এখন থেকে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া কাউকে লাইসেন্স দেওয়া হবে না। চালকদের দক্ষ হওয়া বাধ্যতামূলক। তিনি আরও জানান, সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি প্রতিষ্ঠানের বদলে এখন দেশীয় কোম্পানির মাধ্যমে লাইসেন্স ইস্যুর কাজ সম্পন্ন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, বিআরটি এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
মতামত