ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এই আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভালুকায় একদল উগ্রবাদী দিপু দাসকে কেবল নির্মমভাবে হত্যাই করেনি, হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই নৃশংসতা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে নিহতের পরিবারকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা বলেন, ৫ আগস্টের পর প্রধান রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের পাশে থাকলেও এখন কারা এ ধরনের অপকর্ম করছে তা জাতির সামনে আসা উচিত। বক্তারা সকল রাজনৈতিক দল ও গণমাধ্যমকে এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে পাশে থাকার অনুরোধ জানান।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দের প্রধান আতিথ্যে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের বক্তব্যে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিষ্ণুপদ সাহা। হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের নেতৃবৃন্দও এতে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকায় একটি কারখানার ভেতরে ও বাইরে শ্রমিকসহ একদল জনতা দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে এবং পরে তার মরদেহে আগুন ধরিয়ে দেয়।
মতামত