সারাদেশ

নারায়ণগঞ্জে ১৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রিন্ট
নারায়ণগঞ্জে ১৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫১

শ্রমিক ছাঁটাই বন্ধ ও কারখানার জিএমের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাষাঢ়া বিজয়স্তম্ভ মোড়ে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। দীর্ঘ তিন ঘণ্টা সড়ক অবরোধের ফলে পুরো শহরে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর সকালে কাজে এসে তারা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এর আগে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করলে সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। শ্রমিক প্রতিনিধি আকবর হোসেন বলেন, স্মারকলিপি দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা আন্দোলনে নেমেছি।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ শ্রমিকদের উদ্দেশে বলেন, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা ঠিক নয়। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন এবং শান্ত থাকুন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে দুপুর ১২টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও দুলাল সাহা।