সারাদেশ

অন্তর্বর্তী সরকারকে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

প্রিন্ট
অন্তর্বর্তী সরকারকে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৫, রাত ১২:০৮ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, রাত ১২:১৭

জাতিসংঘের বিশেষ দূত আইরিন খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার প্রতিশ্রুতি রক্ষা করতে চায়, তবে তাদের অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাদিকে দিনদুপুরে হত্যা করার ফলে সবার মধ্যে একটি ভীতির সৃষ্টি হয়েছে। এছাড়া সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ঘটনাগুলোর মূল উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমকে ভয় দেখানো। সরকারকেই এই উসকানির নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আইরিন খান আরও উল্লেখ করেন, জনগণের ক্ষোভকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সংবাদপত্রের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি। তিনি সরকারকে সতর্ক করে বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই নির্বাচনের পরিবেশ তৈরির আগেই গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।