সারাদেশ

সিদ্ধিরগঞ্জে কবির-মিজান পলাতক থাকলেও সহযোগী লিটন প্রকাশ্যে, গ্রেপ্তারের দাবি

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে কবির-মিজান পলাতক থাকলেও সহযোগী লিটন প্রকাশ্যে, গ্রেপ্তারের দাবি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৪১

 জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ও আওয়ামী লীগ নেতা মিজান ওরফে দিপু পলাতক থাকলেও তাদের অন্যতম সহযোগী লিটন হোসেন এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এতে স্থানীয় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত লিটনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নাসিক ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লিটন হোসেন পলাতক আসামি কবির হোসেনের অত্যন্ত বিশ্বস্ত এবং তার ম্যানেজার হিসেবে পরিচিত। বর্তমানে কবির আত্মগোপনে থাকলেও লিটনের মাধ্যমে তিনি এলাকায় বিভিন্ন গোপন কার্যক্রম ও লেনদেন নিয়ন্ত্রণ করছেন বলে দাবি এলাকাবাসীর। ছাত্র-জনতার আন্দোলনের সময় লিটন ও তার সহযোগীরা সক্রিয়ভাবে আওয়ামী লীগ নেতাদের পক্ষ নিয়ে মাঠে ছিল।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশনা দিয়েছেন যে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় আনতে হবে। এই নির্দেশনার প্রেক্ষিতে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন সন্ত্রাসীদের সহযোগী হওয়া সত্ত্বেও লিটন কেন এখনো ধরাছোঁয়ার বাইরে।

এলাকাবাসীর দাবি, শান্তি-শৃঙ্খলার স্বার্থে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটনসহ পলাতক আসামিদের সব দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।